দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ২০২৪ সালের ১৮ই জুলাই ছাত্রজনতার গণআন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হয়েছেন বাংলাদেশ ছাত্রইউনিয়নের নেতা মাহমুদুল হাসান রিজভী। তাঁর স্মৃতির প্রতি বিনম্রশ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে এক লাল পতাকার মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দের অংশগ্রহণে, স্থানীয় কমরেড মনিসিংহ স্মৃতি যাদুঘর থেকে এক লাল পতাকার মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব মোড়ে উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর এর সভাপতিত্বে, সিপিবির সাধঅরণ সম্পাদক রুপন কুমার সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডাঃ দিবালোক সিংহ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি জহির রায়হান, জেলা কৃষক সমিতির সম্পাদক মোরশেদ আলমসহ গণ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাহমুদুল হাসান রিজভী ছিলেন ছাত্র আন্দোলনের সাহসী কণ্ঠস্বর। তিনি সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও স্বৈরাচারের বিরুদ্ধে যে সংগ্রামী চেতনা রেখে গেছেন, তা আজও আমাদের প্রেরণা যোগায়। ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকায় ছাত্র-জনতার যৌক্তিক দাবিতে অনুষ্ঠিত গণআন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন ছাত্র ইউনিয়নের তৎকালীন নেতা মাহমুদুল হাসান রিজভী। তাঁর আত্মত্যাগ বাংলাদেশের ছাত্র-জনতার মুক্তির আন্দোলনে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।